৬ জুনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু, অনলাইনে মিলছে সব আসন।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
আসন্ন পবিত্র ঈদুল আজহা ৭ জুন ধরে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। ঈদের আগে ঘরমুখো মানুষের চাপ সামলাতে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেন টিকিট আগেভাগে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। এবার যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে—মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। এগুলোই অগ্রিম বিক্রির আওতায় আনা হয়েছে।
এছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি শুরু হয় ২১ মে, এরপর পর্যায়ক্রমে প্রতিদিন একদিন পরের টিকিট বিক্রি হচ্ছে। ৭ দিনের এই টিকিট বিক্রি প্রক্রিয়ায় একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই সময়ের টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট বিক্রি, ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা নিয়ে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন