কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লিফট ছিঁড়ে পড়ে আহত ৯।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩তলা থেকে একটি লিফট ছিঁড়ে পড়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার (২৭ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটে ১৮তলা বিশিষ্ট বিডিবিএল ভবনে, যেখানে বিডিবিএল ব্যাংকের পাশাপাশি একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের অফিস রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ৪টি লিফটের মধ্যে ৩টিই দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় ছিল। বিষয়টি বহুবার ভবন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অবশেষে একটি সচল লিফটই মঙ্গলবার সকালে ছিঁড়ে পড়ে এই মারাত্মক দুর্ঘটনা ঘটায়।
দুর্ঘটনার পরপরই ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন। তারা জানান, দীর্ঘদিনের অনুরোধেও সংস্কার না হওয়ায় আজকের এই বিপর্যয় এড়ানো যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পরে ভবনটি থেকে দ্রুত সরে পড়ে বিডিবিএল কর্তৃপক্ষ। লিফট ও অফিস তালাবদ্ধ করে তারা ভবন ত্যাগ করেছে বলে অভিযোগ উঠেছে।
ভবনে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ অবহেলাজনিত এই দুর্ঘটনাকে ‘চরম অবজ্ঞা’ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে।
মতামত দিন