চাকরি সংশোধনী অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ে টানা বিক্ষোভ।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বিরোধিতা করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে তারা সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন— ‘রক্তে আগুন লেগেছে’, ‘কালো আইন মানি না’, ‘এক হও, লড়াই কর’, ‘সরকারি কর্মচারী এক হও’ ইত্যাদি। কর্মচারীদের দাবি, অধ্যাদেশটি অবৈধ ও স্বেচ্ছাচারী, যা তাদের অধিকার ও মর্যাদাকে হুমকির মুখে ফেলবে।
সকালের শুরু থেকেই সচিবালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে ফেলা হয়। সোয়াত ও বিজিবির সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। মূল ফটকে অবস্থানরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিশ্চিত করেন, কেবল সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাই ভেতরে প্রবেশ করতে পারছেন। সাংবাদিকরাও আজ প্রবেশ করতে পারেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ‘অনিবার্য কারণবশত’ মঙ্গলবারের জন্য সচিবালয়ে সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ রাখা হয়। জননিরাপত্তা বিভাগ থেকে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গতকাল সোমবারও একই দাবিতে সচিবালয়ের প্রধান ফটক অবরোধ করে কর্মচারীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। একই দিন তারা মঙ্গলবারের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে, চাকরি সংশোধনী অধ্যাদেশের পাশাপাশি আমলাতান্ত্রিক দুর্নীতি ও কর্তৃত্ববাদ বিরোধী অবস্থান নিয়েছে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন। মঙ্গলবার সংগঠনটি ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ নামে কর্মসূচি পালন করেছে। তাদের দাবি, এনবিআরসহ বিভিন্ন দপ্তরে থাকা দুর্নীতিবাজ আমলাদের অপসারণ ছাড়া প্রশাসনিক সংস্কার সম্ভব নয়।
সরকারি কর্মচারীদের চলমান বিক্ষোভ ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচিতে রাজধানীর প্রশাসনিক অঙ্গনে বিরাজ করছে উত্তেজনা ও অস্থিরতা। সংশ্লিষ্ট মহলের মতে, আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
মতামত দিন