জাতীয়
ছবি: সংগৃহীত

ছয় বেসরকারি ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে, বড় সংস্কারে যাচ্ছে ব্যাংক খাত।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

দেশের ব্যাংক খাতকে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা থেকে উদ্ধার করতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার প্রথম ধাপে বেসরকারি খাতের ছয়টি ব্যাংককে আসন্ন জুলাই মাসের মধ্যেই সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানান, যেসব ব্যাংকের আর্থিক অবস্থার চরম অবনতি ঘটেছে, সেগুলোকেই সংস্কারের আওতায় আনা হচ্ছে। প্রথম দফায় নিয়ন্ত্রণে যাওয়া ছয়টি ব্যাংক হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক,  ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

ব্যাংকগুলোকে রক্ষায় সরকার শুধু মালিকানা নিচ্ছে না, বরং প্রয়োজনীয় পুঁজি জোগানেরও প্রস্তুতি নিচ্ছে। গভর্নর বলেন, “মূলধন পুনর্গঠন করে ব্যাংকগুলোর ভিত্তি মজবুত করার পর, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্যোগ নেওয়া হবে।”

গত দেড় দশকে ব্যাংক খাতে যেভাবে অবাধ লেনদেন, অনিয়ম ও দুর্নীতি চলেছে,তাতে বহু প্রতিষ্ঠানের মূলধন গলিয়ে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এক সময়ের সুপরিচিত ও স্থিতিশীল ব্যাংকগুলোও এই সংকটে পড়েছে। তুলনামূলকভাবে ছোট ও নতুন ব্যাংকগুলোর অবস্থা আরও নাজুক।

সংস্কারপ্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপ শেষ হওয়ার পর ধাপে ধাপে আরও ১৮টি ব্যাংককে এ প্রক্রিয়ায়  আনা হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কাঠামোগত  সংস্কার দীর্ঘদিনের অনিয়ম দূর করে ব্যাংক খাতে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে।

মতামত দিন