ব্র্যাক ব্যাংকের এমডি পদ থেকে সরে দাঁড়ালেন সেলিম আর. এফ. হোসেন।
ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
প্রায় এক দশক ধরে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর. এফ. হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার (২৭ মে) তিনি পদত্যাগপত্র জমা দেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে।
সেলিম হোসেন সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, “বোর্ডকে পদত্যাগপত্র দিয়েছি এবং তারা সেটি গ্রহণ করেছে। এখন বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি। এখানে কোনো চাপ বা সংকটের প্রশ্ন নেই—সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।”
সেলিম হোসেন ব্যাংকটির অভ্যন্তরীণ কর্মীদের উদ্দেশে পাঠানো এক বিদায়ী বার্তায় বলেন, “সব ভালো জিনিসের যেমন শেষ আছে, তেমনি ব্র্যাক ব্যাংকে আমার এই পথচলারও অবসান ঘটতে চলেছে। প্রায় এক দশকের কর্মজীবনে আপনাদের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী ও সম্মানিত ব্যাংকে পরিণত করতে পেরেছি।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও ব্র্যাক ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নেতৃত্বের ভূমিকা রাখবে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিম হোসেনের পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলেই তা কার্যকর হবে। এ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন ব্যাংকটির অন্যতম সফল ও দীর্ঘমেয়াদি এমডি হিসেবে।
২০১৫ সালে ব্র্যাক ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন সেলিম আর. এফ. হোসেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং, কর্পোরেট লেনদেন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে।
বর্তমানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন।
সেলিম হোসেনের বিদায় দেশের কর্পোরেট ব্যাংকিং অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন