কারাগারে আইনপাঠে মনোযোগ পলকের, চাইলেন পাঁচটি আইনের বই।
ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
কারাগারে থাকা অবস্থাতেও নিজেকে ব্যস্ত রাখতে আইনপাঠে মনোযোগী হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন।
সোমবার (২৬ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীদের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য পাঁচটি আইনের বইয়ের অনুরোধ জানান তিনি।
চাওয়া বইগুলো হলো—
-
ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি),
-
দেওয়ানি কার্যবিধি (সিপিসি),
-
দণ্ডবিধি,
-
ডিজিটাল নিরাপত্তা আইন,
-
এবং ‘জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক’ বইটি।
তার আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, পেশায় আইনজীবী ছিলেন পলক। সংসদ সদস্য হওয়ার আগে উচ্চ আদালত ও জেলা জজ আদালতে প্র্যাকটিস করতেন। কারাগারে যাওয়ার পর থেকে তিনি ফের আইনের বই পড়া শুরু করেছেন।
এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, বন্দীরা সরকারের নিষিদ্ধ বই ছাড়া অন্য যেকোনো বই আনতে পারেন। তবে বইগুলো কারা কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে অনুমতি দিলে তবেই তা বন্দীর কাছে পৌঁছে দেওয়া হয়।
প্রায় নয় মাস ধরে কারাবন্দী পলক ছাড়াও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আরও ২৬ জন ভিআইপি বন্দী রয়েছেন। এদের মধ্যে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু এবং হাজী সেলিমের মতো প্রভাবশালী রাজনীতিকরা।

মতামত দিন