জাতীয়
ছবি: সংগৃহীত

জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
সফরে অংশ নেবেন ২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই সফর। সফরকালে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। সেইসঙ্গে জাপানের কাছে এক বিলিয়ন ডলারের স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা, যা বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান  রাখবে বলে মনে করা হচ্ছে।

সফরে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। এছাড়া, ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, যদিও সামরিক খাত সফরের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অগ্রাধিকার পাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।

বিশেষভাবে গুরুত্ব পাবে ঢাকা-টোকিও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর সম্ভাবনা, যা এয়ারক্রাফট সংকটে বন্ধ ছিল।

প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর এটি ড. ইউনূসের সপ্তম বিদেশ সফর।এর আগে তিনি জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক, কপ-২৯ সম্মেলনে আজারবাইজান, ডি-৮ সম্মেলনে মিশর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের  জন্য সুইজারল্যান্ডের দাভোস, দ্বিপাক্ষিক সফরে চীন ও থাইল্যান্ড এবং সর্বশেষ ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এবার তার পরবর্তী গন্তব্য জাপান।

মতামত দিন