সাম্য হত্যার প্রতিবাদে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, আজ সোমবার ২৬ মে ২০২৫:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যা মামলার বিচার দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে এগোলে ভবনের প্রধান গেট বন্ধ করে দেয়া হয়।এরপর বন্ধ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।
এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. সাহস বলেন, “সাম্য হত্যার বিচার দাবি করছি বহুদিন ধরে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ১৩ দিনেও ঘটনার পুরো বিবরণ জানানো হয়নি—এটা খুবই দুঃখজনক।” তিনি আরও বলেন,“যারা হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল নেতারা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।এই ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে, না হলে ‘চেয়ার থেকে নামিয়ে দেয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতারা ঘোষণা দেন, সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন