হাইকোর্টে নারী সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জকারী রিট খারিজ।
ঢাকা, আজ সোমবার,২৬ মে ২০২৫:
নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালত উল্লেখ করেছেন, এই সুপারিশগুলি এখনও বাস্তবায়িত হয়নি। ফলে রিট আবেদনটি প্রি-ম্যাচিউড হিসেবে খারিজ করা হয়েছে। সুপারিশ বাস্তবায়িত হলে রিটকারী চাইলে পুনরায় আদালতে আবেদন করতে পারবেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী, আর নারী সংস্কার কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। গত ১৯ মে শুনানির পর আজ রিট খারিজের আদেশ দেন আদালত।
রিট আবেদনকারীরা উল্লেখ করেন,‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর বিভিন্ন ধারাসমূহ ইসলামি শরিয়তের বিধান, দেশের সংবিধান ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি। বিশেষ করে সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধকরণ, যৌনকর্ম বৈধকরণ এবং লিঙ্গ পরিচয় সম্পর্কিত সুপারিশগুলো বিতর্ক সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, এসব সুপারিশ দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ও সংবিধানের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে। রিটে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

মতামত দিন