জাতীয়
ছবি: সংগৃহীত

ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে ভূমিসেবা, ঘরে বসেই মিলছে নামজারি-খাজনা।

ঢাকা,আজ রোববার (২৫ মে)— দেশে ভূমিসেবা ব্যবস্থায় ব্যাপক রূপান্তর ঘটিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও হয়রানিমুক্ত সেবা। এখন আর সেবা পেতে ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস।

Advertisement

রোববার রাজধানীতে আয়োজিত তিনদিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,“ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জটিলতা কমাতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছে।”

প্রধান উপদেষ্টা জানান, অনলাইনের মাধ্যমে এখন জমির খাজনা পরিশোধ, নামজারি, জমা খারিজ, পর্চার সত্যায়িত কপি এবং মৌজা ম্যাপ পাওয়া যাচ্ছে। পরীক্ষামূলকভাবে রাজধানীর পাঁচটি কেন্দ্রে চালু হওয়া এই সেবা জুন মাসের মধ্যে সাতটি বিভাগীয় শহরে এবং পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।

এছাড়া ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোয় নির্ধারিত ফি দিয়ে সরাসরি আবেদন করা যাচ্ছে। পাশাপাশি কল সেন্টারেও মিলছে পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় জমির গুরুত্ব অপরিসীম। জমি সংক্রান্ত বিরোধ রোধে এবং হয়রানিমুক্ত সেবা দিতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল করার পথে এগোচ্ছে।”

তিনি জনগণের উদ্দেশে বলেন, “২০২৪-২৫ অর্থবছর শেষ হতে চলেছে। ৩০ জুনের মধ্যে ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করে জমির মালিকানা সুরক্ষিত করুন এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখুন।”

ডিজিটাল ভূমিসেবা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ব্যবস্থার মাধ্যমে দুর্নীতির অবসান ঘটবে এবং ভবিষ্যতে দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই সব সেবা পাওয়া যাবে। তরুণ প্রজন্ম প্রযুক্তির মাধ্যমে গ্রামে বসে সেবা দিয়ে সফলতা অর্জন করতে পারবে।”

অনুষ্ঠানের শেষ দিকে তিনি ভূমি মেলা ২০২৫-এর সাফল্য কামনা করে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মতামত দিন