৫৯ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে,মৃত্যুবরণ ৯ জনের।
চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ পালনে গেছেন ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৫৩টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন তারা।
রোববার (২৫ মে) হজ মিশনের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি হজ অফিসের সমন্বয়ে পরিচালিত হেল্প ডেস্ক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফ্লাইট পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি। হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৮৩ জন সরকারি ব্যবস্থাপনায় ও ৫৪ হাজার ৫১৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গেছেন। এ পর্যন্ত ইস্যু করা ভিসার সংখ্যা ৮৬ হাজার ৯২৭টি।
এদিকে, হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও একজন নারী। মক্কায় মারা গেছেন ৪ জন, আর মদিনায় ৫ জন। মৃত্যুবরণকারী ব্যক্তিরা হলেন: জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের অহিদুর রহমান (৭২), গাজীপুরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুরের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।
উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছরের হজ ৫ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়েছে ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট যাবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট দেশে ফিরবে ১০ জুলাই।

মতামত দিন