জাতীয়
ছবি: সংগৃহীত

ছাত্র নিহতের প্রতিবাদে গাজীপুরে সড়ক অবরোধ, দাবি উঠল ফুট ওভারব্রিজ নির্মাণের।

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠী শিক্ষার্থীরা। তারা দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে।

রোববার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে, গত মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের চাপায় গুরুতর আহত হন নবম  শ্রেণির ছাত্র ওমর ফারুক।পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক পোড়াবাড়ি এলাকার বাসিন্দা।

রোববার সকালে মৃত্যুর খবর স্কুলে পৌঁছানোর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করে এবং পরে মহাসড়কে অবস্থান নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করতে চেষ্টা চালায়। বেলা সোয়া ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায় এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ফুট ওভারব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। ফলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে। তারা বাজারসংলগ্ন এলাকায় একটি ওভারব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন।

বিক্ষোভের সময় যানজটে আটকে পড়া যাত্রীরা ভোগান্তির শিকার হন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কটিতে পথচারীদের জন্য নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,“এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

মতামত দিন