জাতীয়
ছবি: সংগৃহীত

এনবিআর সংস্কারের দাবিতে সারাদেশে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুনর্গঠনসংক্রান্ত নতুন অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন রাজস্ব কর্মকর্তারা।শনিবার(২৪ মে) এই কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

Advertisement

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। এতে ঢাকার সব কর্মকর্তা-কর্মচারীকে রোববার সকালে রাজস্ব ভবনে উপস্থিত থাকতে বলা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দেশের রাজস্ব আদায় কার্যত অচল হয়ে পড়ে।

রাজস্ব ভবনের সামনে সকাল থেকেই জড়ো হন শত শত এনবিআর কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন। এনবিআর ভবনে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সদস্য।

দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে শীর্ষ কর্মকর্তাদের অনুরোধে। আন্দোলন শুরুর পর থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান রাজস্ব ভবনে অনুপস্থিত রয়েছেন।

দাবিসমূহ

১. এনবিআর বিলুপ্তির প্রস্তাবনা থাকা নতুন অধ্যাদেশ বাতিল করতে হবে।
২. এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করতে হবে।
৩. রাজস্ব সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ্যে আনতে হবে।
৪. এনবিআর প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ পুনরায় আলোচনা করে অংশীজনের মতামত ভিত্তিতে টেকসই সংস্কার বাস্তবায়ন করতে হবে।

নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

মতামত দিন