গজারিয়ায় জোয়ারের পানিতে ভেসে গেল শতাধিক গরু, মৃত উদ্ধার ৪১।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে শতাধিক গরু। শুক্রবার (২৩ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাটি বলাকী গ্রাম ও সংলগ্ন চর এলাকায় কৃষকরা প্রতিদিনের মতো গরু চরে নিয়ে গিয়েছিলেন। চরের সঙ্গে গ্রামের সংযোগকারী খাল পেরিয়ে বিকেলে গরুগুলো ফেরার পথে হঠাৎ জোয়ারের পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে শতাধিক গরু খালে ভেসে যায়।
প্রত্যক্ষদর্শী শ্যামল খান বলেন, “এত বড় ঘটনা আগে কখনও ঘটেনি। গ্রামে প্রতিটি পরিবারেরই গরু আছে। হঠাৎ এমন পানির তোড়ে বহু গরু ভেসে গেছে।”
ক্ষতিগ্রস্ত কৃষক মহসিন জানান, তার চারটি গরু ভেসে গেছে। আরেক কৃষক আবু তালেব সুজন খান বলেন, গ্রামের অন্তত ২৫-৩০টি পরিবারের গরুগুলো চর থেকে ফেরার পথে একযোগে পানিতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা খোঁজখবর নিচ্ছেন। হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক জানান, “ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি। প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, এখন পর্যন্ত ৪১টি গরুর মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

মতামত দিন