জাতীয়
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ।

কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়া ২৪ বাংলাদেশি নাগরিককে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে বালাতাড়ী সীমান্তে দুই বাহিনীর পতাকা বৈঠকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

বৈঠকে বিএসএফের পক্ষে ৩ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন।

হস্তান্তরকৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন নারী এবং ৮ জন শিশু রয়েছেন।তারা দিল্লিতে কাজ শেষে ফেরার সময় বিএসএফের হাতে আটক হন।যাচাই-বাছাই শেষে তাদের প্রকৃত বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে বিজিবি তাদের গ্রহণ করে ক্যাম্পে নিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় সীমান্তে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পুশ-ইন প্রচেষ্টা সম্পর্কে জানতে পেরে বিজিবি কড়া বার্তা পাঠায় বিএসএফকে। এতে বলা হয়, শুধুমাত্র পরিচয় নিশ্চিত হলে এবং নিয়ম মেনে বাংলাদেশিদের গ্রহণ করা হবে—অন্যথায় অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।

এ প্রসঙ্গে মেজর হাসনাইন বলেন, “বিজিবি সবসময় সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক আচরণে বিশ্বাসী। বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২৪ জন নাগরিককে ফেরত আনা হয়েছে।”

মতামত দিন