জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ১০।

যশোর সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে ছাতিয়ানতলা ও বিজলী পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ফজলুল হক। ছাতিয়ানতলা এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুল ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।

একই দিনে দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের সামনে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিয়াল হোসেন (কাশিপুর, কোটচাঁদপুর) গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও নয়জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

মতামত দিন