জাতীয়
ছবি: সংগৃহীত

সৌদি আরবে হজযাত্রায় ৯ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ১৮।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে শারীরিক অসুস্থতায় পড়েছেন অন্তত ৬২ জন; যাদের মধ্যে ১৮ জন এখনও সৌদি আরবের বিভিন্ন  হাসপাতালে চিকিৎসাধীন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৬২ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।

এছাড়া, হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে সৌদি আরবের হাসপাতালগুলো থেকে ২০ হাজার ৩৬৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ইস্যু করা হয়েছে।

এদিকে, হজে গিয়ে যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ৮ জন পুরুষ এবং একজন নারী। মক্কায় মারা গেছেন চারজন এবং মদিনায় পাঁচজন।

এবারের হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে। আজ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫২ হাজার ৬৯০ জন বাংলাদেশি হজযাত্রী। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৮ হাজার ১০৭ জন।

সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইট ৩১ মে পৌঁছাবে। চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইটটি ফিরবে ১০ জুলাই।

মতামত দিন