ঈদ সামনে, আকাশছোঁয়া এলাচ—স্বস্তিতে চাল-সবজি-মুরগি।
ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারে চড়ছে মসলার ঝাঁজ। বিশেষ করে এলাচের দামে লাগাম নেই।
শুক্রবার (২৩ মে) কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, মসলা পণ্যের বাজারে অস্থিরতা বাড়ছে। জিরা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে, দারচিনি ৫২০, লবঙ্গ ১৩৫০ এবং গোলমরিচ ১২০০ টাকা।
মসলা ব্যবসায়ী সিফাত জানান, ঈদ যত ঘনিয়ে আসবে, দাম তত বাড়ার আশঙ্কা রয়েছে।ঈদের সময় হোটেল ও ক্যাটারিং ব্যবসায় চাহিদা বাড়ে, ফলে বাজারে চাপও বেড়ে যায়।
তবে বাজারে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। চাল, সবজি ও মুরগির দামে দেখা যাচ্ছে স্থিতিশীলতা ও খানিকটা পতন। নতুন চাল বাজারে আসায় মিনিকেট ও আটাশ জাতের চালের দাম কেজিতে ১ থেকে ৩ টাকা কমেছে। আটাশ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকায়।
একই সময়ে সবজির দামেও এসেছে স্বস্তি। প্রচুর সরবরাহের কারণে প্রায় সব ধরনের সবজিই ৩০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ নিয়মিত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে।
এদিকে মুরগির বাজারেও দেখা যাচ্ছে কমতির ধারা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ২২০ থেকে ২৩০ এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬১০ টাকায়।
ঈদের আগ মুহূর্তে কিছু পণ্যের ঊর্ধ্বমুখী দাম ভোগাচ্ছে ভোক্তাদের, তবে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বস্তিদায়ক দাম খানিকটা ভারসাম্য বজায় রাখছে বাজারে।
মতামত দিন