"জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত পার করেছি কাল": ডা. তাসনিম জারা।
জুলাই মাসের অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, "গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত।
ইংরেজিতে লেখা ওই পোস্টে তিনি উল্লেখ করেন, গভীর এক ভাবনা তাঁকে সারারাত ঘুমাতে দেয়নি। তিনি লেখেন, “এটা কাউকে দোষারোপ করার সময় নয়, বরং আত্মসমালোচনার সময়। রাজনৈতিক দলগুলোর ক্ষুদ্র স্বার্থ ও পারস্পরিক অবিশ্বাস গোটা গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকিতে ফেলছে।”
তাসনিম জারা আরও বলেন, “স্বাধীনতার জন্য রক্ত দেওয়া একটি জাতির আশা আমরা স্বল্পমেয়াদি হিসাব-নিকাশে ধ্বংস হতে দিতে পারি না।”
তার ভাষ্য, ইতিহাসে দেখা যায় যারা পরিবর্তনকে ভয় পায়,তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণের আশ্রয় নেয় এবং পুরোনো শাসনব্যবস্থাকে নতুন রূপে ফিরিয়ে আনার চেষ্টা করে। “আমরা যেন বাংলাদেশে তা না ঘটতে দিই।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দলাদলির ঊর্ধ্বে উঠে সংযম দেখানো, সংলাপে অংশ নেওয়া এবং জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “এই মুহূর্তটি যেন বিভেদের না হয়ে বরং ঐক্যের দিকে মোড় নেওয়ার এক প্রেরণার উৎস হয়ে ওঠে।”

মতামত দিন