জাতীয়
ছবি: সংগৃহীত

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি: গুজবে কান না দিতে সেনাবাহিনীর আহ্বান।

ঢাকা:
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ মে) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়।

সেখানে বলা হয়, "সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।"

সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, এটি পুরোপুরি ভিত্তিহীন ও মনগড়া। জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, "গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।"

পোস্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও, যাতে সহজেই বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত করা সম্ভব হয়।

সামরিক বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে ভুয়া তথ্য ছড়ানোর ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার অপরাধ ও তথ্য সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রচারণা রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও সক্রিয় হওয়া জরুরি।

মতামত দিন