জাতীয়
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উপযুক্ত স্থাপনা থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ভবন বা স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের পাঠানো এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ উদ্যোগ নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য দুটি পদ্ধতির কথা বলা হয়েছে। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ‘ওপেক্স’ মডেলে প্রকল্প বাস্তবায়ন করা যাবে। আবার কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব তহবিল ব্যবহার করেও ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে পরিপত্র জারি করেছে। এর ভিত্তিতে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই লক্ষ্য পূরণেই সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সিংহভাগ বিদ্যুৎ সৌরশক্তি থেকে ব্যবহারের নির্দেশনা রয়েছে।

এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানেও সৌরবিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব উপযোগী স্থাপনাগুলোকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন