জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও ‘ভারতীয় দোসর’ অপসারণের দাবিতে বিক্ষোভ জুলাই ঐক্যের।

আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, ভারতীয় প্রভাব বিস্তারকারী উপদেষ্টাদের অপসারণ ও অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে বৃহস্পতিবার (২২ মে) রাতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাত সাড়ে ১০টার দিকে আয়োজিত এই সমাবেশে উত্তপ্ত বক্তব্য দেন আন্দোলনকারীরা।

সমাবেশে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মিনহাজ। তিনি বলেন, "জুলাইয়ের রক্তের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।"

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে মিনহাজ বলেন, “আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই, তবে আপনার চারপাশের গাদ্দারদের অপসারণ করুন।”

জুলাই ঐক্যের মুখপাত্র ইসরাফিল ফরাজী বলেন, “জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে। ঘোষণাপত্র না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “আহতদের চিকিৎসা,শহীদ পরিবারদের পুনর্বাসনের কাজ বাদ দিয়ে সরকার এখন শুধু নির্বাচনের কথা বলছে।” তিনি উপদেষ্টা পরিষদে 'ভারতীয় আধিপত্যবাদের এজেন্টদের' অপসারণের দাবি জানান।

তিন দফা দাবিতে আন্দোলনকারীরা বলেন: 

১,ভারতীয় প্রভাব বিস্তারকারীদের রাষ্ট্রের সকল পর্যায় থেকে সরাতে হবে;

২,অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে;

৩,প্রশাসন ও গণমাধ্যমে থাকা আওয়ামীপন্থী ব্যক্তিদের অপসারণ করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাইয়ের শহীদের রক্ত কেউ অপমান করলে, তাকে আমরা ক্ষমা করব না।”

মতামত দিন