জাতীয়
ছবি: সংগৃহীত

ডিজিএফআই ও এনএসআইয়ের সাবেক ডিজিসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে গোয়েন্দা সংস্থার সাবেক দুই শীর্ষ কর্মকর্তা, এক কর  কমিশনার এবং এক ব্যবসায়ীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন—ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়েরের ভায়রা ভাই খন্দকার আবুল কাইয়ুম।

দুদকের আবেদনে বলা হয়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে শেয়ার ব্যবসায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ও তার পরিবারের সদস্যরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন।

অন্যদিকে,কর কমিশনার মুস্তাক ও খন্দকার কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—তারা মেজর জেনারেল টি এম জোবায়েরের অবৈধ সম্পদ ব্যবস্থাপনায় জড়িত। দুদক বলেছে, তারা দেশে-বিদেশে সম্পদ স্থানান্তরের সঙ্গে সম্পৃক্ত এবং বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, অনুসন্ধান যাতে বাধাগ্রস্ত না হয় এবং অভিযুক্তরা যেন তদন্ত চলাকালে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

দুর্নীতিবিরোধী তদন্তে এই ধরনের নিষেধাজ্ঞাকে কমিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

মতামত দিন