জাতীয়
ছবি: সংগৃহীত

চলমান সংকটে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, পদত্যাগ নিয়ে ভাবছেন ইউনূস।

চলমান রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর যমুনা ফিউচার পার্ক সংলগ্ন একটি স্থানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তুষার জানান, “নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। সেখানে ড. ইউনূস স্পষ্ট করে বলেছেন—তিনি কাজ করার উদ্দেশ্যেই এসেছেন। কিন্তু যদি কাজ করার মতো রাজনৈতিক পরিবেশ না থাকে, তবে তিনি নিজের পদে থাকা না থাকা—দুই বিষয়ই বিবেচনায় রাখবেন।”

তবে সাক্ষাৎ চলাকালে নাহিদ ইসলাম তাকে দ্রুত কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেসময়ের ত্যাগ, জনগণের প্রত্যাশা এবং জাতীয় ঐক্যের আবশ্যকতা—এসব বিষয় গভীরভাবে ভেবে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

এদিকে রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হওয়ায় প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক আহ্বানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এক জরুরি কেন্দ্রীয় বৈঠক থেকে এই আহ্বান জানান।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, রাজনৈতিক পক্ষগুলোর তীব্র মেরুকরণ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

মতামত দিন