জাতীয়
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের।

দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অপসারণ দাবি করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত এই দুই উপদেষ্টাকে অপসারণ করা না হলে যমুনা ঘেরাও কর্মসূচিতে যাওয়া হবে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর বলেন, “উচ্চ আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে কোনো বাধা নেই। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বাধার কারণেই ইশরাক এখনও দায়িত্ব গ্রহণ করতে পারেননি। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা।”

তিনি আরও বলেন, “এই উপদেষ্টারা সরকারের ছত্রচ্ছায়ায় থেকে নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা চক্রান্তে লিপ্ত। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে যুক্ত হয়ে তারা জনবিচ্ছিন্ন শাসন টিকিয়ে রাখতে চাইছে।”

গণঅধিকার পরিষদের অন্য নেতারা বলেন, শেখ হাসিনার সরকারের আইন ও প্রশাসনিক কাঠামো এখন গণবিরোধী শক্তির হাতিয়ার হয়ে উঠেছে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক নেতাকর্মীদের প্রশাসনে বসিয়ে নিরপেক্ষতার জায়গা সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হচ্ছে। একটি দলকে ক্ষমতায় রাখার লক্ষ্যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে।

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অপসারণের দাবিতে  দলীয়ভাবে আল্টিমেটামও ঘোষণা করেন নেতারা। তারা বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে রাজনৈতিক দলগুলো ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে।

মতামত দিন