জাতীয়
ছবি: সংগৃহীত

দেশজুড়ে স্থিতিশীলতা রক্ষায় নির্দেশ প্রধান উপদেষ্টার।

রাজধানী ঢাকা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে দেশের বিভিন্ন স্থানের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পৃথক রিপোর্ট উপস্থাপন করেন।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

এছাড়াও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশের ভেতরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি,সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন,“নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার।"

সরকারের উচ্চপর্যায়ের এই উদ্যোগকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সমন্বিত ও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে।

মতামত দিন