জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশে না থেকে অন্য খাতে পা, চাকরি ছাড়লেন বিসিএসের ৫ এএসপি।

বিসিএসের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) সরকারিভাবে চাকরি ছাড়লেন। মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যদিও সরকারি ঘোষণায় তাদের অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—এসব কর্মকর্তা পুলিশ ক্যাডারে থাকতে চাননি। তারা সরকারের অন্যান্য বিভাগে সুযোগ পাওয়ায় পুলিশ বিভাগ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। তাদের সেই আবেদন বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

চাকরি ছাড়ার তালিকায় রয়েছেন:রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন ,  মো. মাসুদ রানা, কৌশিক ভদ্র

এই পাঁচ কর্মকর্তা চাকরি শুরু করলেও শিক্ষানবিশ পর্যায়েই দায়িত্ব ছেড়ে দিলেন। অনেকেই ধারণা করছেন, অন্যান্য বিসিএস ক্যাডার কিংবা কর্পোরেট বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ভালো সুযোগ পাওয়ায় তারা এমন  সিদ্ধান্ত নিয়েছেন।

জনপ্রশাসনের এই বাস্তবতা নতুন নয়। আগে যেসব চাকরি ‘স্বপ্নের গন্তব্য’ ছিল, এখন অনেক তরুণ পেশাগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাডার থেকে অন্যদিকে ঝুঁকছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন