জাতীয়
ছবি: সংগৃহীত

নীলফামারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, স্বজনদের মাঝে শোকের ছায়া।

নীলফামারী সদর উপজেলার চাড়ালকাটা নদীতে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে চাপড়াসরমজানি ইউনিয়নের নতিফচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—বারাইপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) এবং মোহাম্মদ লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)। তারা চাচাতো ভাই এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ জানান, দুপুরে খেলতে বের হয়ে বাড়ির কাউকে না জানিয়ে চাড়ালকাটা নদীতে গোসল করতে নামে শিশু দুটি। পরে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। একপর্যায়ে নদীর ধারে একটি ডোবায় তাদের স্যান্ডেল ভাসতে দেখে সন্দেহ হয়। এরপর স্থানীয়রা নদীর তীরে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, বিকেল চারটার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু সাড়ে তিনটা পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফিরলে পরিবারের উদ্বেগ বাড়ে।

নীলফামারী সদর থানার পরিদর্শক এম.আর সাঈদ জানান, বিষয়টি সন্ধ্যার পর স্থানীয় চেয়ারম্যান থানাকে অবহিত করেন। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, তাই চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

হঠাৎ এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন