জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৭ জুন, সরকারি ছুটি টানা ১০ দিন।

আগামী মাসে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদ উদযাপিত হয়।

বাংলাদেশে এখনো চাঁদ দেখা না গেলেও, বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী মধ্যপ্রাচ্যে ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৬ জুন বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে ঈদ পালন করা হয়, ফলে বাংলাদেশে সম্ভাব্য ঈদের দিন ধরা হচ্ছে ৭ জুন শনিবার।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উঠবে এবং সেদিন সূর্যাস্তের পর চাঁদ ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে। ফলে ওইদিন চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে।অন্যদিকে পাকিস্তানি জ্যোতির্বিদ ড. ফাহিম হাসমী জানিয়েছেন,২৭ মে পাকিস্তানে চাঁদ দেখার সম্ভাবনা কম, তবে ২৮ মে চাঁদ দেখা যেতে পারে।

এদিকে ঈদকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ৫ জুন (বুধবার) থেকে শুরু হয়ে ১৪ জুন (শনিবার) পর্যন্ত এ ছুটি চলবে। এর মধ্যে ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির হলেও,শিল্প ও উৎপাদন খাতে পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যদিও জ্যোতির্বিদদের পূর্বাভাসে ঈদের সম্ভাব্য তারিখ জানা যাচ্ছে, তবুও বাংলাদেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

মতামত দিন