জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩,৬০০।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১০১ জন। এর মধ্যে ঢাকায় ৩৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৭ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বছর শুরুর পর থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৭ জনে। এর মধ্যে ৩ হাজার ২৯৬ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক আক্রান্তদের মধ্যে বরিশাল এগিয়ে
ডেঙ্গু শনাক্তে সবচেয়ে বিপর্যস্ত অঞ্চল বরিশাল বিভাগ, যেখানে এক হাজার ২৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম (৬৫৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (৫৭৬), ঢাকা বিভাগ (৪৬১), ঢাকা উত্তর সিটি করপোরেশন (৩৮৩), খুলনা (১৫২), ময়মনসিংহ (৮০), রাজশাহী (৬৪), রংপুর (১৬) এবং সিলেট বিভাগ (১৫)।

লিঙ্গ ও সময়ভিত্তিক বিশ্লেষণ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৬.৫ শতাংশ পুরুষ এবং ৪৩.৫ শতাংশ নারী। মাসভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসের প্রথম ২০ দিনে ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে শনাক্তের হারও উর্ধ্বমুখী। জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং চলতি মে মাসের প্রথম ২০ দিনেই শনাক্ত হয়েছেন ১,০৬৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বাড়তি সতর্কতা ও সচেতনতা বজায় রাখার আহ্বান  জানিয়েছেন।

মতামত দিন