জাতীয়
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তুচ্ছ ঘটনা থেকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কৃষক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কৈলিয়ার চর, বাগধোনাইল, করশালিকা ও রূপবাটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত নজরুল প্রামাণিক (৪৫) বাগধোনাইল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ১০টার দিকে বিভিন্ন গ্রামের মসজিদের মাইক থেকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হওয়ার আহ্বান জানানো হয়। এরপর শত শত মানুষ বেরিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে নজরুল প্রামাণিক নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়দের মতে, বাগধোনাইল গ্রামের খেলার মাঠ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী কলিয়ার চর গ্রামের সঙ্গে বিরোধ চলছিল। সোমবার (১৯ মে) এক কৃষককে ধান কাটার সময় মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই দিন বিকেলে রূপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরোয়ারকে মারধরের অভিযোগ ওঠে কলিয়ার চর গ্রামের লোকজনের বিরুদ্ধে।

পরদিন সকালে সংঘর্ষে জড়ায় চার গ্রামের মানুষ। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত বাগধোনাইল গ্রামের লোকজন আবার জড়ো হলে কলিয়ার চর গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সংঘর্ষে নজরুল প্রামাণিক নামে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

মতামত দিন