ভারী বর্ষণে পাহাড়ি ঢলে শেরপুর-সুনামগঞ্জে বন্যার শঙ্কা।
ভারতের মেঘালয় ও আসামে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানি বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ-নদীগুলোতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শেরপুর, নেত্রকোনা,সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।
শেরপুরে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি চলায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি ইতিমধ্যে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত রাতের তুলনায় অনেক বেড়ে গেছে।
আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী একদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি ঢল আসার আশঙ্কাও রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, শীঘ্রই এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, যা জনজীবন ও কৃষি ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
পানি উন্নয়ন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বন্যার প্রভাব মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
মতামত দিন