ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা: আটকে পড়েছে অর্ধশতাধিক ট্রাক।
ভারত সরকার বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করায় বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে অন্তত অর্ধশত পণ্যবাহী ট্রাক। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বাংলাদেশি রপ্তানিকারক ব্যবসায়ীরা।
শনিবার থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞার ফলে গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য,সুতা ও তুলাসহ একাধিক পণ্য ভারতে রপ্তানি সম্ভব হচ্ছে না।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারতে রপ্তানির অপেক্ষায় থাকা ২০টি ট্রাক আটকে রয়েছে। এসব ট্রাকে রয়েছে ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য তুলা ও সুতা। বেনাপোল স্থলবন্দরে আটকে আছে আরও ২৯টি গার্মেন্টস পণ্যবাহী ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবোঝাই দু’টি ট্রাক আটকে রয়েছে।
এছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন,দীর্ঘ সময় ট্রাকগুলো আটকে থাকলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এবং এর ফলে কমে যেতে পারে সরকারের রাজস্ব আয়ও।
ব্যবসায়ীরা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন,অন্যথায় রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন