নিটোরে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অবস্থান, ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) শিক্ষার্থী সংকট,ভাতা ও অবকাঠামোসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের শিক্ষার্থীরা। সোমবার (১৯ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালকের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্ট ইউনিয়নের (বাপসু) ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান,দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। তারা ক্লাসেও ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
বাপসুর সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটসহ নানা বৈষম্যের শিকার এই কোর্সের শিক্ষার্থীরা। গত বছর ৩১ আগস্ট পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামলে প্রশাসন আশ্বাস দিয়েছিল। গঠন করা হয় সাত সদস্যের একটি কমিটিও। কিন্তু এরপর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং শিক্ষার্থীদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠিয়ে হয়রানি করা হচ্ছে।
বাপসুর আহ্বায়ক আশিকুর রহমান বলেন, "ফিজিওথেরাপি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। অথচ সঠিক ব্যবস্থাপনার অভাবে এ পেশা ধ্বংসের মুখে।এতে ক্ষতিগ্রস্ত হবে ফিজিওথেরাপিস্টদের পাশাপাশি রোগী ও সাধারণ মানুষ।"
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো—
১. শিক্ষক সংকট নিরসনে শূন্য পদে দ্রুত নিয়োগ
২. ক্লিনিকাল পোস্টে শূন্য পদে নিয়োগ
৩. মাস্টার্স ইন ফিজিওথেরাপি কোর্স চালু
৪. ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ভাতা প্রদান
৫. পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ল্যাব, ও পৃথক কমনরুমের ব্যবস্থা
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বারবার আশ্বাসের পরও বাস্তব পদক্ষেপ না থাকায় তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। দাবি মানা না হলে আন্দোলন আরও জোরালো করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মতামত দিন