পায়ে হেঁটে কক্সবাজার থেকে এভারেস্টের চূড়ায়, সপ্তম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শাকিল।
সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে) দুপুরে এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান এই পর্বতারোহী।
বিশেষ করে এই অভিযানে অনন্য হয়ে উঠেছে তার যাত্রাপথ। ‘সি টু সামিট’ নামের নিজস্ব অভিযানে শাকিল পায়ে হেঁটে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে যাত্রা শুরু করেন গত ২৫ ফেব্রুয়ারি। ৮৪ দিন পর তিনি পৌঁছান হিমালয়ের শীর্ষবিন্দুতে।
শাকিলের অভিযান সমন্বয়কারীরা ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, “এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক সংকট থাকায় বিস্তারিত তথ্য এখনও জানানো সম্ভব হয়নি।”
ইকরামুল হাসান শাকিল পর্বতারোহণের প্রাথমিক ও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে। এর আগে তিনি সফলভাবে আরোহণ করেছেন হিমালয়ের কেয়াজো-রি, দ্রৌপদী কা ডান্ডা-২, হিমলুং ও ডোলমা খাং পর্বতশৃঙ্গ।
২০২৩ সালে ইকরামুল আলোচনায় আসেন নেপালের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ‘গ্রেট হিমালয়া ট্রেইল’— ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ দুর্গম পথ হেঁটে পাড়ি দিয়ে।
তার এভারেস্ট জয় শুধু ক্রীড়াঙ্গনের নয়, দেশের জন্যও এক অনন্য গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের সাতজন নাগরিক মাউন্ট এভারেস্ট জয় করেছেন। শাকিল হলেন সেই কৃতী তালিকার সর্বশেষ সংযোজন।
মতামত দিন