চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ট্রলারকে উপকূলে থাকার নির্দেশ।
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রপথে চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও আশপাশের উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থান করা স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়েছে। বর্তমানে এটি উড়িষ্যা ও পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সিস্টেমটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।
তবে নিম্নচাপটি দুর্বল হলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বাতাসের গতি বেড়ে যেতে পারে। সমুদ্রবন্দর ও সাগরসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যও বেড়েছে। ফলে সাগরে থাকা নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন