আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

একই সময়ে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রদেশ ও এর আশপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে একীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্র, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর পরিস্থিতি মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনীতে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

সূত্র: বাসস

মতামত দিন