অপরাধ
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় গৃহবিবাদের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।

হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে দম্পতির মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন।

আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন