অপরাধ
ছবি: সংগৃহীত

রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর অগ্রগতি, ৫ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম রাকিবকে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম জানান, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে পরে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি আকস্মিক কোনো ঘটনা নয়। দীর্ঘদিনের বিরোধ এবং ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে হামলাকারীদের ব্যবহার করা হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত রোববার রাতে রাকিব বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালায়। প্রথমে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তে তার শরীরে একাধিক কোপের চিহ্ন এবং গুলির ক্ষত পাওয়া গেছে।

পুলিশ জানায়, হামলায় সরাসরি কয়েকজন অংশ নেয় এবং তাদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে আরও কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এদিকে গোয়েন্দা সংস্থাগুলোও আলাদাভাবে তদন্ত করছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ, সম্পর্কজনিত দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ কোন্দলকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন