অপরাধ
ছবি: সংগৃহীত

গরু জবাই নিয়ে বিরোধ, নেত্রকোনার মদনে সংঘর্ষে আহত ১৫।

নিজেস্ব প্রতিবেদক:

নেত্রকোনার মদন উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে গরু জবাই ও মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মধ্যে আগে থেকে যৌথভাবে গরু কেনা ও মাংস বণ্টনের সিদ্ধান্ত ছিল। তবে সেই প্রক্রিয়া চলাকালে দুটি পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়। একপর্যায়ে তা বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে নেতৃত্ব ও বণ্টন নিয়ে দ্বন্দ্ব থেকেই উত্তেজনার সূত্রপাত হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন