অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে গুলিতে যুবদল নেতা নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার দৌলতপুরে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিকুল আনাম রাসু নামে এক যুবদল নেতা। সোমবার দুপুরে কল্পতরু মার্কেটসংলগ্ন এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

নিহত রাসু স্থানীয় শরিফুল আনামের ছেলে। তিনি আগে দৌলতপুর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ওই এলাকায় ইট-বালুর ব্যবসাও করতেন।

পুলিশ জানায়, ঘটনার সময় রাসু তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান দ্বন্দ্বের জেরেই এ হামলা হয়ে থাকতে পারে। তবে ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতামত দিন