অপরাধ
ছবি: সংগৃহীত

মোসাব্বির হত্যা মামলার প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিম তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গুলি চালানো ব্যক্তি এবং হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত বলে সন্দেহভাজন একজন।

শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, আটক শুটারের নাম জিনাত। পাশাপাশি বিল্লাল নামে একজনকে ঘটনার নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তৃতীয় ব্যক্তি দুজনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং সহায়তাকারীর ভূমিকা পালন করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ডিবি বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ, অস্ত্রের উৎস এবং আরও কেউ জড়িত আছে কি না—এসব বিষয় জানতে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত বুধবার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরদিন তেজগাঁও থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়, যেখানে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মতামত দিন