অপরাধ
ছবি: সংগৃহীত

অপারেশন থিয়েটারে রান্নাবান্না, সংক্রমণের ঝুঁকিতে ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ও নবজাতক।

নিজেস্ব প্রতিবেদক:

যে কক্ষে অস্ত্রোপচারের সময় জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখাই সবচেয়ে বড় শর্ত, সেই কক্ষেই জ্বলছে গ্যাসের চুলা—এমন দৃশ্যই সামনে এসেছে ফেনী জেনারেল হাসপাতালে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে সরকারি হাসপাতালে প্রসূতি সেবার নিরাপত্তা নিয়ে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারের কক্ষে গ্যাসের চুলায় রান্না করছেন কয়েকজন নার্স। পাশের কক্ষেই তখন সিজারিয়ান অপারেশন চলছিল। একই সঙ্গে সেখানে রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধ যাতায়াতও লক্ষ্য করা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট এই সরকারি হাসপাতালে অন্তত দুই বছর ধরে লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়মিত রান্নাবান্না হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের একটি অংশকে নিজেদের রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। আইরিন আক্তার নামে এক সেবাগ্রহীতা বলেন, “যারা আমাদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বে, তাদের কাছেই আমরা সবচেয়ে বেশি অনিরাপদ। বাধ্য হয়েই সরকারি হাসপাতালে সেবা নিতে আসি, কিন্তু এমন অবস্থা মেনে নেওয়া যায় না।”

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিনকে। সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় বলেন, “অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল স্থানে রান্নার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেব।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, “ওটি একটি অত্যন্ত সংরক্ষিত এলাকা। তদন্তে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন