অপরাধ
ছবি: সংগৃহীত

আট দিনে যৌথ অভিযানে আটক ১৭১, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশব্যাপী চলমান নিরাপত্তা কার্যক্রমে গত কয়েক দিনে বড় ধরনের অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এসব অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ১৭১ জনকে আটক করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে জানায়, ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সময়কালে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে একযোগে এই অভিযান পরিচালনা করে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং চোরাকারবারিরা। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২০টি আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১০টি ককটেল এবং দেশীয় ধারালো অস্ত্র।

আটক সবাইকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি সামাল দিতেও সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন।

আইএসপিআর আরও জানায়, জননিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

মতামত দিন