অপরাধ
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভুয়া আইফোন কারখানার সন্ধান , তিন চীনা নাগরিক গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় পৃথক অভিযানে আইফোন জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতাসহ তিন চীনা নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল সংখ্যক আইফোন ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।

ডিবির ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ এবং আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকার কাছাকাছি।

তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে অবৈধভাবে আইফোনের পার্টস দেশে এনে রাজধানীর গোপন স্থানে জোড়াতালি দিয়ে সম্পূর্ণ ফোন তৈরি করত। পরে সেগুলো নতুন আইফোনের মতো মোড়কজাত করে বাজারে আসল পণ্য হিসেবে বিক্রি করা হতো।

ডিসি সোহেল জানান, এই প্রতারণা চক্রের সঙ্গে শুধু বিদেশিরাই নয়, দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও যুক্ত রয়েছে। পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত চলমান রয়েছে।

তিনি ভোক্তাদের সতর্ক করে বলেন, কম দামে বা অনুমোদনহীন দোকান থেকে দামি স্মার্টফোন কিনলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে।

মতামত দিন