অপরাধ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে (১৭) কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

গ্রেপ্তার সাকিনের বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লায়।

সাকিনকে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা জেলার সাভার এলাকার ‘আলফা জোন অ্যান্ড কোম্পানি’ থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে সিরাজগঞ্জের থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে আব্দুর রহমান রিয়াদকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে রাতেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য ছিলেন।

ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, আব্দুর রহমান রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রধারী যুবক তাকে উপর্যুপরি আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়।

নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে প্রধান আসামি সাকিনসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার সাকিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তে প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হবে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন