অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলায় ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ‘চোর সন্দেহে’ আটক এক যুবকের মৃত্যু নিয়ে আলোচিত মামলাটি নতুন মোড় নিয়েছে। দীর্ঘ পুনঃতদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে দ্বিতীয় দফার অভিযোগপত্র দাখিল করেছে, যেখানে আগে বাদ পড়া আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।

এই সম্পূরক অভিযোগপত্র জমা পড়ার মধ্য দিয়ে মামলায় অভিযুক্ত ব্যক্তির সংখ্যা এখন ২৮ জন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন বিভাগ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে।

মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম তদন্তে বেশ কয়েকজনের নাম বাদ দেওয়ায় বাদীপক্ষ আপত্তি জানায়। সেই আপত্তির পর আদালতের নির্দেশে নতুন করে তদন্ত শুরু করে পিবিআই। পুনঃতদন্তে নির্যাতনের সময় উপস্থিত থাকা, সহায়তা করা এবং পরবর্তী ঘটনাপ্রবাহে ভূমিকা রাখার অভিযোগে নতুন আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে। ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রাখা তোফাজ্জল হোসেনকে একাধিক ধাপে মারধর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নির্যাতনের একপর্যায়ে তাকে ক্যানটিনে খাবার খাওয়ানো হয়, এরপর ফের মারধর করা হয়। রাত গভীর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের একজন কর্মকর্তা শাহবাগ থানায় হত্যা মামলা করেন। নিহত তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

মতামত দিন