সিলেটে যাত্রী ছাউনি থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার।
নাশকতার আশঙ্কায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোলবোমা ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমা থানাধীন লালারগাঁও এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক লুকিয়ে রাখার তথ্য আসে তাদের কাছে। তথ্য যাচাই শেষে রাত ১০টার পর ঢাকা–সিলেট মহাসড়কসংলগ্ন এলাকায় অভিযান শুরু করা হয়।
অভিযানের একপর্যায়ে লালারগাঁও যাত্রী ছাউনির বসার স্থানের নিচে সন্দেহজনক একটি শপিং ব্যাগ দেখতে পায় র্যাব সদস্যরা। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। সেগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানায় র্যাব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে র্যাব-৯-এর মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও পেট্রোলবোমা নাশকতামূলক কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে সেখানে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, অভিযানে কাউকে আটক করা না গেলেও উদ্ধার করা আলামত জিডি করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন