সুনামগঞ্জে টেস্টে ফেল করা শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়ার দাবিতে স্কুলে তালা দিয়ে তাণ্ডব।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির এক শিক্ষার্থী পরীক্ষার ফলাফল নিয়ে হঠাৎ তাণ্ডব চালিয়েছে। আরিফ নামের ওই ছাত্র সাতটি বিষয়ে ফেল করার পর শিক্ষকরা তাকে মূল এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেননি।
স্থানীয়রা জানায়, আরিফ শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছিল। সেই সময় শিক্ষকরা বিষয়টি ভিডিও করার চেষ্টা করলে সে আরও রাগান্বিত হয়ে কথার সীমা ছাড়িয়ে যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, “টেস্টে যারা চারটির বেশি বিষয়ে ফেল করেছে, তারা মূল পরীক্ষায় অংশ নিতে পারবে না। এটি কমিটির সিদ্ধান্ত।” আরিফের সাতটি বিষয়ে ফেল করার কারণে সে এই সুযোগ পায়নি।
অভিযুক্ত শিক্ষার্থী আরিফ বলেন, “আমি দেখেছি চার বিষয়ে ফেল করা অন্যরা ছাড় পেয়েছে। কেন আমার জন্য তা প্রযোজ্য হবে না? এ কারণে আমি স্কুলে এসে এই ব্যবস্থা নিয়েছি।” আরিফের বাবা, আব্দুল আজিজ, তালা দেওয়ার ঘটনাটি অস্বীকার করেছেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, “কোনো ভিডিও আমি দিইনি।”
শিক্ষক ও স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পুনরায় এমন ঘটনা ঘটতে না দেওয়ার ব্যবস্থা চেয়েছেন।
মতামত দিন