অপরাধ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩২ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের কাচারি মাঠের কাছে সরকারি হালট ভরাটের কাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানায়, সরকারি হালটে ইট ও খোয়া দিয়ে ভরাট শুরু করলে পাশের জমির মালিকরা বাধা দেয়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ৩২ জন আহত হন। তাদের মধ্যে ১০–১২ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী শাহ জাহান মিয়া বলেন, “ভরাটের কাজ চলাকালে এখলাস মাস্টারের লোকজন বাধা দেয়, তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।” অপর পক্ষ দাবি করেছেন, তাদের ফসলি জমি রক্ষা করতে বাধা দেওয়া হয়েছিল।

পুলিশ এবং স্থানীয় নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ জানিয়েছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মতামত দিন